
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে বুধবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের আগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা নিয়ে ছোট থিয়েটার পরিবেশন করেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা।
সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন ও উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
এ ছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের বাবলু জোয়ার্দ্দার। বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু দিবসভিত্তিক কর্মসূচি নয়, দৈনন্দিন জীবনেও পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। এ জন্য শিশু-কিশোর ও তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন বক্তারা।