
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর (রাজশাহী):
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের দোতলায় যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে এ সময় কার্যালয়ে না থাকায় বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ১৯৬৭ সালে নির্মিত জরাজীর্ণ ওই ভবনের ছাদের প্রায় ৭ ফুট অংশ ভেঙে সরাসরি যুব উন্নয়ন কর্মকর্তার টেবিলের ওপর পড়ে। এতে তার ব্যবহৃত কম্পিউটার পিসি ও টেবিলের গ্লাস সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি।
অলৌকিকভাবে রক্ষা পেলেন কর্মকর্তা
ঘটনার সময় যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। অতিরিক্ত দায়িত্ব পালনের সুবাদে তিনি বাগমারা উপজেলায় দায়িত্বে থাকায় এ যাত্রায় তিনি অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।
বিকট শব্দে আতঙ্ক ও কর্মকর্তাদের ছুটে যাওয়া
দুর্ঘটনার সময় নিচতলায় সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ও সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম দৌড়ে দোতলায় গিয়ে যুব কর্মকর্তার বিধ্বস্ত অফিসকক্ষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এলজিইডি প্রকৌশলী রকিব হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং এসএএস সুপারিন্টেন্ডেন্ট এসএম মালেকুজ্জামানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।