
গর্জনিয়া কচ্ছপিয়া সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: রামু থানার আয়োজনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশাল মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেলে রামু থানার উদ্যোগে দক্ষিণ মৌলভীকাটা এলাকায় (৩ নম্বর কচ্ছপিয়া ইউনিয়ন, ৯ নম্বর ওয়ার্ড) এই কর্মসূচি পালিত হয়।
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রামু প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী মোঃ নুরুল হাকিমের সঞ্চালনায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দিদারুল আলমের সভাপতিত্বে সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাগণ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেওয়ার দ্ব্যর্থহীন ঘোষণা দেয়।
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার জোরালো আহ্বান জানানো হয়।
মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান, রামু থানার এসআই জুয়েল চৌধুরী এবং এএসআই টুটুল।
এছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বনবিভাগ (সুফল)-এর সভাপতি ও স্থানীয় কৃষক আবু তালেব, শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও সেবন রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান। র্যালি ও সমাবেশে স্থানীয় শত শত সাধারণ মানুষ ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।