
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে “সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুণ সোপান” শ্লোগানকে সামনে রেখে ‘শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬- এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ, পুরস্কার ও শিক্ষা-সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ির কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ি শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্বুদ্ধকরণ ও উৎসাহমূলক আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাঘাইছড়ি শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু বিল্টু চাকমা।
এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল হোসেন মীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ বাঘাইছড়ির সমন্বয়ক মোঃ আবদুল জলিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ইমরান উদ্দিন, উপ-পরিচালক (সার্বিক) মোঃ নাঈম উদ্দিন এবং উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) মোঃ জোবায়েদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখছে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মেধা স্মারক ও শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।