
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
জন্মগতভাবে হৃদপিণ্ডে ছিদ্র নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৮ বছরের এতিম শিশু ফারদিন রায়হানের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
শিশু ফারদিন জন্ম থেকেই হৃদপিণ্ডে ছিদ্রজনিত জটিলতায় ভুগছে। দরিদ্র রিকশাচালক বাবা-মা নিজেদের সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত বছর অসুস্থ হয়ে শিশুটির মা মৃত্যুবরণ করলে ফারদিনের দেখাশোনা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তার নানী হালিমা বেগমের ওপর।
ফারদিনের নানা একজন রিকশাচালক এবং নানী রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করেন। মানুষের সহায়তা নিয়ে তারা শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিলেন রাজশাহী হার্ট ফাউন্ডেশনে।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত শিশুটিকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়ে অপারেশনের পরামর্শ দেন। এই চিকিৎসায় প্রয়োজন প্রায় ৫ লাখেরও বেশি টাকা।
এ অবস্থায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শিশুটির নানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। শিশুটির অসহায়ত্ব ও চিকিৎসার প্রয়োজনীয়তার কথা শুনে ভূমিমন্ত্রী তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
মন্ত্রী শিশুটিকে তার নানীর সঙ্গে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং ঢাকায় তাদের থাকার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনের সব ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মানবিক সহায়তার এই উদ্যোগে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি সকলের কাছে শিশু ফারদিন রায়হানের জন্য দোয়া কামনা করেছেন—যেন দ্রুত সুস্থ হয়ে সে আবার তার আপনজনদের কাছে ফিরে যেতে পারে।