পিরোজপুরে নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

[print_bangla]

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক-জনগণের সহযোগিতা চান জেলা প্রশাসক

এমএফএইচ রাজু | পিরোজপুর | ৬ অক্টোবর ২০২৬

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।

তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে এবং সেগুলো যথাযথভাবে সমাধানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মত দেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। পূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী ও এম এ রব্বানী ফিরোজসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই আদেশে তৎকালীন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলে বদলি করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top