
মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা অংশ নেন।সভায় বক্তব্য দেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, পিআইও মোহাম্মদ ছানাউল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম এবং পার্বতীপুর পূজা উদযাপন কমিটির উপজেলা সাধারণ সম্পাদক বাবু দীপেশ চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সভায় বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা এবং পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।এ বছর পার্বতীপুর উপজেলায় মোট ১৫১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে প্রতিটি পূজামণ্ডপের জন্য পূর্বনির্ধারিত ৫০০ কেজি জিআর চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করে বিতরণের ঘোষণা দেওয়া হয়।
a/j