
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
ধুনটের মথুরাপুর বাজারে মাংস ও মিষ্টিজাতীয় খাবার বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে। বাজারে মাংস বিক্রির বিভিন্ন সামগ্রী কুকুর চাটছে এবং জিলাপি বিক্রির খাটিয়ার ওপর পেতে রাখা পলিথিনও কুকুর চাটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা।
স্থানীয়দের অভিযোগ, খাবার বিক্রির স্থানে কুকুরের অবাধ বিচরণ এবং খাদ্যসামগ্রীর ব্যবহৃত সামগ্রী প্রাণীর সংস্পর্শে আসা অত্যন্ত উদ্বেগজনক। এতে খাবারে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অথচ এসব খাবারই প্রতিদিন অসংখ্য মানুষ কিনে খাচ্ছেন।
বিশেষ করে জিলাপি বিক্রির খাটিয়ার ওপর পেতে রাখা পলিথিন কুকুর চাটার পরও সেটি ব্যবহার করা হচ্ছে—এমন দৃশ্য ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে বলে স্থানীয়রা জানান।
ক্রেতাদের প্রশ্ন, যেখানে খাবার সরাসরি মানুষের খাদ্য হিসেবে বিক্রি হচ্ছে, সেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে না কেন?
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে মাংস ও মিষ্টিজাতীয় খাবার বিক্রির স্থানগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে রাখা এবং কুকুরসহ অন্যান্য প্রাণীর সংস্পর্শ থেকে খাদ্যসামগ্রী দূরে রাখা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে মথুরাপুর বাজারের খাদ্য বিক্রির স্থানগুলো দ্রুত পরিদর্শন করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।