
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বুধবার (০৭ অক্টোবর ২০২৬ ) পুলিশ সুপারের কার্যালয় রাজশাহীর কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মোঃ মামুন অর রশিদ, পুলিশ সুপার, রাজশাহীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রাজশাহী জেলার প্রতিটি থানা ও পৌরসভার পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের উপস্থিতিতে পূজা মণ্ডপগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা জোরদার ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জানান, প্রতিটি পূজা মণ্ডপে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে যেন ভক্তরা পূজা অর্চনা ও দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। মণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। জরুরি মুহূর্তে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকবে বিশেষ টিম।
এছাড়াও, পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।
উপস্থিত পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ জেলা পুলিশের এই সার্বিক নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন দুর্গাপূজা উৎসবমুখরভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।