
বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। উপজেলার কলসকাঠি ইউনিয়নের মইনখালি এলাকায় কারখানা নদী ও পান্ডব নদীর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযান সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কারখানা ও পান্ডব নদীর মোহনায় অবৈধভাবে ড্রেজার ও যন্ত্র বসিয়ে বালু উত্তোলন এবং নদীর তীরের মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই স্থান থেকে ৮ জনকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের জরিমানার আদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ ও নদীর প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
a/j