
বান্দরবানের বাইশারীতে মোটরসাইকেল জব্দ: তল্লাশিতে মিলল ১৯৮২ পিস ইয়াবা
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) বান্দরবান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮২ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার (১০ অক্টোবর) আনুমানিক দুপুর ১২টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন এলাকার একটি চায়ের দোকানের সামনে জনসাধারণের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনজুর আহসানের নির্দেশে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশি উপস্থিতির বিষয়টি টের পেয়ে ইয়াবা পাচারকারী কৌশলে সটকে পড়লে তাকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উপস্থিত জনতার সামনে পাচারকারীর ফেলে যাওয়া ১২৫ সিসির একটি রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকাভার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে বাইকটি তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্র জানায়, উদ্ধারকৃত ১৯৮২ পিস ইয়াবা ও জব্দকৃত ১২৫ সিসি নাম্বারবিহীন মোটরসাইকেলটির বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনজুর আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, বাইশারী এলাকায় মাদক, চুরি ও ছিনতাইসহ সব ধরণের অপরাধ রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।