
স্টাফ রিপোর্টার:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা ছাড়া প্রকৃত মেধাবী হওয়া যায়না। প্রকৃত মেধাবী হতে হলে অবশ্যই সকলকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় পারদর্শী হতে হবে। নতুন কুঁড়ি আমাদের নির্বাচনি ইশতেহারের অংশ। আমাদের ইয়াং জেনারেশনকে শুধু লেখাপড়া না শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা, তারা যেন নিজেকে নিজে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
শনিবার (২ মে) বিকালে ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে ৮টি ইভেন্টে এ খেলা উদ্বোধন করন তিনি।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
এ সময় ফেনী পুলিশ সুপার শফিকুল ইসলাম, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
১২-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়ার অন্বেষণে সারা দেশের ন্যায় ফেনীতেও উক্ত ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, পরশুরামের ব্যাপারটা আলাদা, আমাদের প্রতিবেশী দেশ থেকে পানি আসে, মুছাপুর রেগুলেটর পূণনির্মাণ কাজ এক নেকে পাসের অপেক্ষায় আছে। সেটি পাস হলে সোনাগাজী ও সিলোনিয়ায় নদী ভাঙন রোধ হবে।