
নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারের ‘আমানুর ফার্নিচার’-এর দোকানের সামনে থেকে এ মাদক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, গর্জনীয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাইশারীর দিকে আসছেন—এমন গোপন সংবাদ পান বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুর আহসান মনজুর। তাৎক্ষণিকভাবে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইশারী বাজারের আমানুর ফার্নিচারের দোকানের সামনে ১২৫ সিসির একটি রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় ওই মাদক কারবারি। পরবর্তীতে বাইশারী সেনা ক্যাম্পের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযানে অংশ নেয়।
উপস্থিত স্থানীয় লোকজনের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করা হলে এর এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে সাদা কস্টেপে পেঁচানো ১০টি নীল রঙের জিপার পলি প্যাকেটে সর্বমোট ১,৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৯৮.২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান মনির জানান, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ও মোটরসাইকেলটি তদন্ত কেন্দ্রের হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়া সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত করতে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়াও চলমান রয়েছে।