
এনামুল হক, কাজিপুর: সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম কাজিপুরের চরাঞ্চলের চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়ন পরিদর্শন করেন।সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দুটি ইউনিয়নের ভূমি অফিস ও বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন।

প্রধান অতিথি রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শ্রেণিকক্ষে গিয়ে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।এরপর অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ করেন এবং চরগিরিশ ্ইউনিয়ন ্এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ে এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।

অনুষ্ঠানের আয়োজন করেন কাজিপুর উপজেলা প্রশাসন ও মনসুরনগর এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়।সভায় প্রধান অতিথি কাজিপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও রোধ, মাদকসেবন ও ইভটিজিং রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ও নির্দেশনা দেন।একইসাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়ে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, প্রধান শিক্ষক আনছার আলীসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ/জে