
রাজশাহী প্রতিনিধি-
রাজশাহী, ১২ অক্টোবর ২০২৬ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর রাজধানীর উত্তরার বাস ভবনে কাপুরুষোচিত হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি রাজশাহী মহানগর। রবিবার জাতীয় পার্টি রাজশাহী মহানগরের সদস্য সচিব সাজিদ রওশন ঈশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় পার্টি রাজশাহী মহানগর।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র।
নেতৃবৃন্দ বলেন, কোনো সভ্য, গণতান্ত্রিক ও আইনের শাসনে বিশ্বাসী সমাজে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি বাড়ি কিংবা একটি গাড়ি ভাঙচুর করে কোনো মানুষের বাকস্বাধীনতা, মত প্রকাশের অধিকার কিংবা রাজনৈতিক কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। জোর জবরদস্তি করে যেমন জনগণের সমর্থন অর্জন করা যায় না, তেমনি ভয়ভীতি, সহিংসতা ও পেশিশক্তির মাধ্যমে মানুষের ন্যায্য অধিকারও হরণ করা যায় না। গণতন্ত্রের মূল শক্তি হলো সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং আইনের প্রতি আনুগত্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকবে এবং যেকোনো অন্যায়ের বিচার হবে আইনের মাধ্যমে- সহিংসতা কিংবা প্রতিহিংসার মাধ্যমে নয়। জাতীয় পার্টি রাজশাহী মহানগরের পক্ষ থেকে অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। একই সাথে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
