
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে জালশুকা হাবিবুর রহমান কলেজের নবাগত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) অত্র কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জালশুকা হাবিবুর রহমান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র জজ আদালতের সিনিয়র সিভিল জজ ও অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী শানু আকন্দ।
কলেজের সহকারী অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জালশুকা হাবিবুর রহমান কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনামুল হক শাহীন, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলেজের প্রভাষক আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম, শিক্ষার্থী শ্রাবন্তী ও তাসফিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট, সনদ সহ সংবর্ধনা প্রদান করা হয়। পরে কলেজের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।