
বাইশারীতে আইনশৃঙ্খলা রক্ষায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে বিশেষ মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) বান্দরবান।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চুরি ও ডাকাতির মতো সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক বিশেষ মতবিনিময় ও পথসভার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় বাইশারী বাজার সংলগ্ন বাইশারী কলেজ মাঠে এই পথসভাটি অনুষ্ঠিত হবে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় এবং কেন্দ্রটির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনজুর আহসান-এর পরিচালনায় এই সভার আয়োজন করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধে সকল মোটরসাইকেল চালক, মালিক এবং বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ী লাইন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে সরাসরি কথা বলবেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বাইশারীর সকল মোটরসাইকেল চালক, মালিক এবং সকল লাইন কমিটির নেতৃবৃন্দকে সময়মতো উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনজুর আহসান আরও জানিয়েছে, এলাকাকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত করার লক্ষ্যে পর্যায়ক্রমে বাইশারী ইউনিয়নের সকল ওয়ার্ড, মহল্লা, পাড়া এবং স্থানীয় বাজারেও এই ধরণের সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হবে।