
আনোয়ারায় নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামত করছেন বিএনপি নেতা শহিদুল আলম
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া মসজিদ সড়কের ভাঙা অংশ নিজ অর্থায়নে মেরামত করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলম।
বুধবার (১৪ অক্টোবর) চাতরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহতরপাড়া মসজিদ সড়কের বিভিন্ন ভাঙা অংশে ঢালাইয়ের মাধ্যমে মেরামতকাজ শুরু করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় থাকায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নেন শহিদুল আলম।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলম বলেন, “মহতরপাড়া মসজিদ সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ব্যক্তিগত উদ্যোগে ভাঙা অংশগুলো ঢালাইয়ের মাধ্যমে মেরামতের ব্যবস্থা করেছি।”
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার জনদুর্ভোগ কমানো সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।
সড়ক মেরামতকাজ শুরুর সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।