
নাইক্ষ্যংছড়িতে ৬০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক, ইজিবাইক জব্দ
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) বান্দরবান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আজিম (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) জব্দ করে পুলিশ।
গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনসংলগ্ন পাকা রাস্তায় একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশে অত্যন্ত চতুরতার সাথে বিশেষ কৌশলে ঢালাই করে লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত নুরুল আজিম কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা গ্রামের মুক্তার আহমেদ ও মমতাজ বেগম দম্পতির ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বান্দরবান জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকের অপব্যবহার রোধ, অবৈধ বেচাকেনা বন্ধ এবং একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।