
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নে শওকত সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পিষ্টন গ্রুপের চেয়ারম্যান মো. শওকত হোসেন সওদাগর প্রধান অতিথি হিসেবে এই মণ্ডপগুলো পরিদর্শন করেন।
গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী, রাধানগর, পৈকখালী ও ঘরামী বাড়িসহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনকালে মো. শওকত হোসেন সওদাগর বলেন, আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মনে রাখবেন ধর্ম যার যার, উৎসব সবার। এই সম্প্রীতির বন্ধন বজায় রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, সাংবাদিক জাকির কাজী, ডা. অরূপ চক্রবর্তী, ইউপি সদস্য জিয়াউল হাসান জিয়া, সমাজসেবক আব্দুর রাজ্জাক, শওকত সওদাগর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।