
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভার কয়েক দিন পর পর্তুগালপ্রবাসী লিমন তালুকদারের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারের তালুকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত লিমন তালুকদারকে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলনবাজারের তালুকদার মার্কেটের সামনে বসে থাকা অবস্থায় লিমন তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মহসিন তালুকদার, রাসেল, সুইটন, আজিজ ও ইসমাইল তালুকদারসহ একদল যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
গত ১৪ অক্টোবর ‘মিলনবাজার অষ্টগ্রামবাসী’র ব্যানারে মিলনবাজারে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ ব্যক্তি আলিফ মিয়া তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পর্তুগালপ্রবাসী লিমন তালুকদার।
স্থানীয়দের অভিযোগ, ওই মাদকবিরোধী সভার পর থেকেই লিমন তালুকদার বিভিন্নভাবে বিরোধিতার মুখে পড়েন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”