
ফয়সাল, স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গ্রাম পুলিশদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মথুরাপুর ইউনিয়ন পরিষদ। পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা এবং উৎসবের সার্বিক কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের গ্রাম পুলিশদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ, ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী ও আশরাফুল ইসলাম। এ ছাড়া সংরক্ষিত নারী ইউপি সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন বেগম এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাকিবুল ইসলাম ও লিপি খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে গ্রাম পুলিশরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর ও জোলাগাঁতি এলাকায় দুটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতে ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে মথুরাপুর ও জোলাগাঁতি এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করা হবে।
তিনি আরও বলেন, পরিদর্শনকালে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। সবাই যেন আনন্দ, উৎসাহ ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে পূজার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ উৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।