
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় থানা পুলিশের যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বরইতলী মধ্যপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং বরইতলী পশ্চিমপাড়া গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে অবৈধ ৫ গ্রাম হেরোইন এবং ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ/জে