
এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মানবিক ফান্ডের উদ্যোগে আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’-এর প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মানবিক ফান্ড জানায়, শিক্ষা ও চিকিৎসায়, মেধাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক সংগঠনটি।
এ/হ