
বাইশারীতে ৫,৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৫,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ আমজাদ হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে বাইশারী ইউনিয়নের শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা সংলগ্ন, ব্রিজ এলাকার পাকা রাস্তার ওপর পরিচালিত এক অস্থায়ী চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গর্জনিয়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে ইয়াবার একটি বড় চালান বাইশারী বাজার হয়ে ঈদগাঁও বাস-স্ট্যান্ডের দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মনজুর আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার পশ্চিম পাশের ব্রিজের গোড়ায় বটগাছের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়।
বিকেল সাড়ে ৪টার দিকে বাইশারী বাজারের দিক থেকে আসা কয়েকটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দুটি মোটরসাইকেলে থাকা চারজন এবং সামনের মোটরসাইকেলের পেছনে বসা আরও একজন পালিয়ে যায়। এ সময় সামনের মোটরসাইকেলের চালক আমজাদ হোসেন পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ ও মোটরসাইকেল তল্লাশি চালানো হয়।
আসামির দেখানো মতে মোটরসাইকেলের ডান পাশের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে ৩টি সাদা প্যাকেটে মোড়ানো ৩০টি নীল জিপার পলিব্যাগে মোট ৫,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ঘটনার সততা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুর আহসান জানান, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটক আমজাদ হোসেন ও পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।