
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেল চারটায় সোনামুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তার বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষকের নিকট থেকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে আড়াই লাখ টাকা গ্রহণের বিষয়টি সত্য নয়। এ কারণে বিষয়টি নিয়ে কেউই কোথাও কোন অভিযোগ করেননি।’
বিদ্যালয়ে কোচিং বাণিজ্যের বিষয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘বিদ্যালয়টিতে নিয়ম মেনে রেজুলেশন করে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান কার্যক্রম চলমান আছে। দাবীকৃত মাসে আড়াই লাখ টাকা কোচিং থেকে পাবার বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।’
এছাড়া বিদ্যালয়ের সাবেক এক শিক্ষিকাকে নিয়ে আপত্তিকর যে কুৎসা রটনা করা হয়েছে তারও কোন ভিত্তি নেই বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সিনিয়র সহসভাপতি ও সাবেক শিক্ষক আব্দুস ছালাম তোতা, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান লিটন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।