শনিবার ৬ই জুন, ২০২৬ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় মিলন ওয়েল মিলে হামলার অভিযোগ, আহত ৪

[print_bangla]

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া এলাকায় অবস্থিত মিলন ওয়েল মিলে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সংঘটিত এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন— অপূর্ব (৩০), আলহাজ্ব মোঃ সেরাজুল ইসলাম (৭৪), মোঃ রফিকুল ইসলাম রতন (৪৫) ও হাসানুর রহমান হিরা (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁখুয়া এলাকার মিলন ওয়েল মিলে একই গ্রামের মৃত আব্দুস ছামাদ চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান বাবুর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি মিলের অফিসে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাদের সঙ্গে বদরুদ্দোজা প্রিন্স, ফয়সাল আহম্মেদ, কামাল উদ্দিন, মোঃ সমাজসহ আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মিল কর্তৃপক্ষের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা অফিসে ভাঙচুর চালায় এবং উপস্থিত ব্যক্তিদের ওপর এলোপাতাড়ি হামলা করে। প্রতিবাদ করতে গেলে অফিসের কর্মচারী অপূর্বকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করা হয়। এ সময় এগিয়ে আসা আলহাজ্ব সেরাজুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসা মিল মালিক রফিকুল ইসলাম রতনকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা অফিসের ক্যাশে থাকা ১২ লাখ ৪৫ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে হাসানুর রহমান হিরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। পরিকল্পিতভাবে চাঁদা দাবির পর আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর রহমান বাবু। তিনি বলেন, “রফিকুল ইসলাম রতন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করে শুভেচ্ছা পোস্টার প্রকাশ করলে স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।”
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপুকর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় মিলন ওয়েল মিলে হামলার অভিযোগ, আহত ৪

২৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top