
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ভান্ডারিয়া থানাধীন শিয়ালকাঠি গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত পারভেজ খান (২৭) দক্ষিণ শিয়ালকাঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোজাম্মেল।
পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ খান সরকারি রাস্তার ওপর খুঁটি পুঁতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন। এছাড়া প্রতিটি গরু বিক্রির পর ২ হাজার টাকা করে দাবি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ সময় গরু বিক্রি করতে আসা সাঈদ মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটলে হাটে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণের সহায়তায় পারভেজ খানকে আটক করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।