
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নে নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিমের হাট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আয়োজিত এ হাটের উদ্বোধন করেন ৩ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন মর্যাদা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজা খাতুন, অনিতা রানী গুহ, ইউনিট অ্যাকাউন্ট্যান্ট মোরশেদা মমতাজ, এফএফ নিরঞ্জন চন্দ্র বর্মন, আরজু খাতুন ও শিরিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনের পর হাটে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস, মুরগি ও ডিম ক্রয় করেন। অন্যদিকে বিক্রেতারাও তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সন্তোষ প্রকাশ করেন।সুবিধাভোগী নারী কৃষকরা জানান, মর্যাদা প্রকল্পের আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা হাঁস-মুরগি পালন শুরু করেছেন। বর্তমানে এ খাত থেকে আয় করে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটছে।
তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে হাটের কার্যক্রম আরও সম্প্রসারণ ও নিয়মিত আয়োজনের দাবি জানান তারা। স্থানীয়দের মতে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারজাতকরণের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নারীদের আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। জে/এ
