
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপকূলীয় এলাকায় চলমান বেড়িবাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় সংসদে কথা বলেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। রবিবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, আনোয়ারা ও কর্ণফুলী বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে নিয়মিত জোয়ারের পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং নিচু অঞ্চল প্লাবিত হয়।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনি সরেজমিনে বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেন উল্লেখ করে বলেন, ‘কিছু অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ সংসদ সদস্য আরও বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে আনোয়ারা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি হয়েছিল। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে উপকূল রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আনোয়ারায় চলমান বেড়িবাঁধ নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জে/এ
