
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হুমায়ুন কবির সৌরভ (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ২টার দিকে স্থানীয় একটি বহুতল ভবনের তিন তলা ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। হুমায়ুন কবির সৌরভ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের স্কুল শিক্ষক ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, সৌরভের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে।
পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে স্ত্রী ও শিশু সন্তানকে রেখে জীবিকার তাগিদে সাইপ্রাসে যান হুমায়ুন কবির সৌরভ সেখানে একটি কোম্পানিতে তিনি ম্যানেজার পদে কাজ করতেন। মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবরটি ভোরের দিকে পরিবারকে জানানো হয়। এদিকে তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জে/এ
