মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ফলে এ উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার ভেস্তে যেতে বসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ সরকারি জনবল কাঠামো  অনুযায়ী, ১৮৫ টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১৩৫ জন। ফলে ৫০টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স), কার্ডিওলজি ও চক্ষু বিভাগের মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি ও ল্যাব), ডেন্টাল সার্জন, ফার্মাসিস্ট এবং স্বাস্থ্য সহকারীসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) না থাকায় দীর্ঘদিন ধরে এক্স-রে সেবা ব্যাহত হচ্ছে। একই ভাবে ডেন্টাল সার্জনের পদ শূন্য থাকায় নিয়মিত দন্ত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল না থাকায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীদের জেলা শহর কিংবা বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। জনবল সংকট, চিকিৎসা, যন্ত্রপাতির ব্যবহার, ওষুধ সরবরাহ এবং সেবার মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে এলাকাবাসীর। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলার সংগঠক রায়হান আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সের পদ শূন্য থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় টেকনোলজিস্ট ছাড়া হাসপাতালের অবকাঠামোর পূর্ণ সুফল জনগণ পায় না। দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সচল করার দাবি জানান তিনি।
বাংলাদেশ লেবার পার্টি রংপুর জেলা শাখার সভাপতি এম এ হক আকরাম বলেন, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সচল রাখা জরুরি। দ্রুত জনবল নিয়োগ, অচল যন্ত্রপাতি সচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবিব বলেন, আমি সম্প্রতি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছি। হাসপাতালের সার্বিক কার্যক্রম, জনবল ও সেবার অবস্থা পর্যায়ক্রমে পর্যালোচনা করছি। যেসব গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে, সেগুলোর তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যমান জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় পর্যায়ে যেসব সমস্যার সমাধান সম্ভব, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। আর জনবলসহ নীতিগত বিষয়গুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top