
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার একটি দল উপজেলার নদমূলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি বেপারি বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হানিফ বেপারী (৬৫), মো. জামাল মুন্সী (৪৫), মো. আব্দুল রাজ্জাক শরীফ (৫০) এবং মো. নিকসন শিকারী (৫৫)। তারা সবাই দক্ষিণ শিয়ালকাঠি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ টাকা জব্দ করা হয়।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।