
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হরিণপালা গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মো. শামীম হাওলাদার (৪৮) এবং একই গ্রামের কবির হাওলাদারের ছেলে মো. আল আমিন (৩১)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...