
মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি:
বৃহস্পতিবার ৭ মে ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার এলাকায় হামে আক্রান্ত হয়ে আলিফ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় বিসমিল্লাহ হোটেলের মালিক টানু বিশ্বাসের ছোট ভাই রনির ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শিশু আলিফ গত ১৫ দিন ধরে হাম রোগে ভুগছিল। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার প্রয়োজনে আজ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মাসহ পুরো পরিবার এখন শোকে স্তব্ধ। এই মর্মান্তিক ঘটনায় গান্না বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুদের ক্ষেত্রে হাম অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ। এই সময়ে সঠিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচির ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।