
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা’র খুকনি ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া দুই শিশুর সন্ধান মিলেছে এক মাসেরও বেশি সময় পর। একজন শিশু বাড়ি ফিরে আসার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে অপর শিশুকে উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। পুলিশ জানায়, গত ১১জুন খুকনি ইউনিয়নের রহমতখোলা গ্রামের মো. আব্দুল্লাহ (১০) ও আটারদাগ গ্রামের আফসার হোসেন (১২) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে ১৩ জুন এনায়েতপুর থানায় অভিযোগ করেন স্বজনরা। পরে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তে প্রথমে দায়িত্ব পালন করেন এসআই রিয়াজুল ইসলাম। পরে বদলিজনিত কারণে তদন্তভার নেন এসআই ফরিদ উদ্দিন। তদন্ত চলাকালে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে শিশুদের সন্ধানে তৎপরতা চালিয়ে যায় পুলিশ।
গত ৮ জুলাই আফসার নিজ বাড়িতে ফিরে এসে পুলিশকে জানায়, তারা স্বেচ্ছায় ট্রেনে ঢাকায় হয়ে সিলেটে যায় এবং সেখানে রেলস্টেশনসংলগ্ন একটি হোটেলে কাজ নেয়। পরে কাজ ছেড়ে আফসার বাড়ি ফিরে এলেও আব্দুল্লাহ সিলেটেই থেকে যায়।
এই তথ্যের ভিত্তিতে ৯ জুলাই এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেটে অভিযান চালায়। টানা অনুসন্ধানের পর ১১ জুলাই রাতে আব্দুল্লাহকে উদ্ধার করে নিরাপদে এনায়েতপুর থানায় নিয়ে আসা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। একজন শিশুর দেওয়া তথ্যের সূত্র ধরেই অপর শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। জে/এ
