বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

বরগুনায় পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বরগুনার পায়রা নদীতে নিখোঁজের প্রায় ৩২ ঘণ্টা পর রাবেয়া আক্তার জুঁই (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বরগুনার তালতলী উপজেলার সাগর মোহনার তেতুলবাড়িয়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ।

এর আগে রোববার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীর তীরে গিয়ে নিখোঁজ হয় জুঁই। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

নিহত জুঁই রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা জনি চৌধুরীর মেয়ে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নরহা গ্রামে। ঢাকার মিরপুরে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী জীবন মাহমুদ মাহফুজের পরিবারের সঙ্গে পরিচয়ের সূত্রে জুঁই তার মা তাসলিমা বেগম ও বান্ধবী মরিয়ম ইসলাম রিয়াকে নিয়ে বরগুনায় বেড়াতে এসেছিল।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বরগুনায় পৌঁছানোর পর জুঁই ও তার বান্ধবী পায়রা নদীর তীরে যায়। একপর্যায়ে তারা নদীতে পড়ে যায়। রিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা জুঁই স্রোতের টানে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে রোববার থেকেই বরগুনা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় একদিনের অভিযানের পর সোমবার বিকেলে তেতুলবাড়িয়ার চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

জুঁইয়ের মা তাসলিমা বেগম বলেন, মিরপুরে তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে জীবন মাহমুদ মাহফুজ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সেই সূত্রে পরিচয়ের সুবাদে মেয়েকে ও তার বান্ধবীকে নিয়ে তারা বরগুনায় বেড়াতে এসেছিলেন।

জীবন মাহমুদ মাহফুজ বলেন, ঘটনার আগে জুঁই ও তার বান্ধবীকে নদীর পাড়ে যেতে বারবার নিষেধ করা হয়েছিল। তারা সাঁতার জানত না। এরপরও নদীর পাড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, জুঁই নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরগুনায় পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top