
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার সরোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মানাস মিডিয়ার সম্পাদক ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক আবু সুফিয়ান, মাহমুদা আকতার, ফাহমিদা নিগার ঝিনুক ও নূরে জান্নাতসহ কোমলমতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল শেখানো হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।