
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা, দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসার আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ খাদিমুল ইসলাম নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব কাজী সামসুজ্জোহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল ইসলাম মাহফুজ এবং সোনালী ব্যাংক, হুগলীপাড়া শাখার ম্যানেজার আবু নায়েম মীর শরীফ আহসান ও উক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মাহবুবার রহমান।
অনুষ্ঠানে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাবী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, পরীক্ষার প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন এবং ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য ২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদ্রাসাটি থেকে এবার ১৪ জনের মধ্যে ১৩ জন ছাত্রী কৃতকার্য হয় এবং পাশের হার ৯৩.৮৫ শতাংশ। জে/এ
