
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রামে ৩ কথিত নারী কবিরাজের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন- ওই গ্রামের লক্ষ্মী রানী, কল্পনা রানী ও তুফান রানী।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নিজেদের ‘স্বপ্নে শেখা বিদ্যা’র অধিকারী বলে প্রচার করে আসছেন। জ্বিন-ভূত তাড়ানো, স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, সন্তান না হওয়া, শারীরিক অসুস্থতাসহ নানা সমস্যার সমাধানের কথা বলে তারা ঝাড়-ফুঁক, তাবিজ-কবজ, তেল ও পানি পড়া দিয়ে থাকেন। এর বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, বাস্তবে তাদের এই কথিত বিদ্যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ও কার্যকারিতা নেই। তাদের দেওয়া তাবিজ ও পানি পড়ায় কেউ সুস্থ হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্টো অনেক পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীরা তাদের প্রতারণার প্রধান টার্গেট।
এলাকার সচেতন মহলের দাবি, কুসংস্কারকে পুঁজি করে গড়ে ওঠা এই ভুয়া কবিরাজি ব্যবসা সমাজে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেক মানুষ প্রতারিত হবে।
এ ঘটনায় এলাকাবাসী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।