
মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে রুনা লায়লা (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনের নিচে পড়ে প্রাণ হারান রুনা লায়লা।
নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের একজন শিক্ষক। তাঁদের বাড়ি সৈয়দপুর শহরের বাবুপাড়ায়।
তবে কী কারণে তিনি চলন্ত ট্রেনের নিচে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।