বরগুনায় শ্বশুর-শাশুড়ির বাড়িতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা, গ্রেপ্তার দুজন

[print_bangla]

ডিবির অভিযানে ১৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, জামাই পলাতক

এমএফএইচ রাজু | বরগুনা | ৩ নভেম্বর ২০২৬

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের জামাই পরিচয় দেওয়া এক ব্যক্তি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোসা. কহিনুর (৪০) ও তাঁর স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)। ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল রুমা আক্তারের সহায়তায় কহিনুরকে এবং অন্য পুলিশ সদস্যদের সহায়তায় সেলিম প্যাদাকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যান।

ডিবি জানায়, স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কহিনুরকে তল্লাশি করে তাঁর পরিহিত কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের রান্নাঘরে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৪ হাজার ৭০০ পিস, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া ইয়াবা পরিবহন ও প্যাকেটজাতকরণে ব্যবহৃত ব্যাগ, কসটেপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি আরও জানায়, পলাতক ব্যক্তি মো. সবুজ মৃধা (৩২), গ্রেপ্তার দুজনের জামাই। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে রাখতেন এবং অটোরিকশায় বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন বলে পুলিশের দাবি।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় ডিবির এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল হাসান, এএসআই (নিরস্ত্র) রাজিব হাওলাদারসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরগুনায় শ্বশুর-শাশুড়ির বাড়িতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা, গ্রেপ্তার দুজন

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top