
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
৩ নভেম্বর ২০২৬ ইং মঙ্গলবার সকালে উপজেলার ২৪ নম্বর পাড়গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহানা ইসলাম। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধুরী মণ্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, শিক্ষক তরিকুল ইসলাম তরুণ, শিক্ষক জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসীম রঞ্জন সিকদার ও সাবেক সভাপতি নরেন্দ্র নাথ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে নানা ধরনের সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।