বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পালবার লিং সেন্টার বাংলাদেশের উদ্যোগে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার রচিত ‘বুদ্ধ কীর্তন’ গ্রন্থের মোড়ক উন্মোচন।

 

রোববার (১ নভেম্বর) বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সকালের পর্বে বইটির মোড়ক উন্মোচন করেন ভদন্ত দেবানন্দ মহাথের ও প্রজ্ঞাবারিধি অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথের।
বিকেলের পর্বে অনুষ্ঠিত কঠিন চীবর দান ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত বিপস্সী মহাথের, ভদন্ত ওয়ারাসামী মহাথের, ভদন্ত ইন্দাচারা মহাথের এবং পালবার লিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষুসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মৈত্রী দেওয়ান, বিলাইছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. সাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহম্মদ, থানা অফিসার ইনচার্জ মো. ওসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং বিশিষ্ট সমাজসেবক উষা কিরণ বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো পুণ্যার্থী।
দিনব্যাপী আয়োজনে কঠিন চীবর দানের পাশাপাশি বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার রচিত ‘বুদ্ধ কীর্তন’ গ্রন্থের মোড়ক উন্মোচন। পরে প্রয়াত লেখকের ছেলে নিদর্শন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া ও রেণু বড়ুয়া অতিথিদের হাতে বইটি তুলে দেন।
বইটির সূচিপত্রে গৌতম বুদ্ধের শাক্য ও কোলীয় বংশপরিচয়, শাক্যসিংহের জন্মের পূর্বে পৃথিবীর অবস্থা, পঞ্চকল্যাণ, মহামায়া দেবীর স্বপ্ন, সিদ্ধার্থের জন্ম, নামকরণ, বাল্যকাল, বিদ্যাশিক্ষা, বিবাহ, উদ্যান ভ্রমণ, গোপার স্বপ্ন ও রাহুলের জন্ম, পিতৃবিদায়, গোপার বিদায়, ছন্দকের বিদায় এবং সন্ন্যাস গ্রহণসহ গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় স্থান পেয়েছে।
গ্রন্থটি প্রয়াত প্রভাত কান্তি বড়ুয়া ও প্রয়াত বিদর্শন বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। প্রভাত কান্তি বড়ুয়া ১৯৫১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
বইটিতে গৌতম বুদ্ধের জন্ম থেকে শুরু করে তাঁর সংসারজীবন, সন্ন্যাস গ্রহণ ও জীবনাদর্শের বিভিন্ন দিক ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার রচিত এ গ্রন্থটি বুদ্ধের জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মের পাঠকদের জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top