
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে জয়পুরহাটে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(৬ নভেম্বর শুক্রবার ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের ভূমি ব্যবস্থাপনায় একটি ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসবে। এর মাধ্যমে ভূমির পরিকল্পিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপরিকল্পিত ভূমি ব্যবহার প্রতিরোধ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে।
তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি ভূমিসংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মানও বৃদ্ধি পাবে।