সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পঞ্চগড়ে বিজিবির বাধার মুখে পুশ ইন ব্যর্থ, গভীর রাতে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। প্রায় ৭০ ঘণ্টা শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থানের পর রোববার গভীর রাতে তাদের সেখান থেকে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৮ জুন) সকালে সীমান্ত এলাকা পরিদর্শন করে দেখা যায়, গত কয়েক দিন ধরে যেখানে ওই ১০ জন অবস্থান করছিলেন, সেখানে আর কাউকে দেখা যায়নি। সীমান্তে বিজিবি ও বিএসএফের অতিরিক্ত সদস্যদের উপস্থিতিও আর ছিল না। উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়ায় এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন ব্যক্তি সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। বাংলাদেশে পুশ ইনের চেষ্টাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে তারা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের জন্য কোনো ধরনের আশ্রয়ের ব্যবস্থা ছিল না। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারার সময় রাত ১২টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের আলো বন্ধ করে দেয়। পরে রাত প্রায় আড়াইটার দিকে তারা ওই ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
এর আগে রোববার দুপুরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষ অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নেয়। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক বলেন, বিএসএফের সঙ্গে আলোচনার পর রাত আড়াইটার দিকে ওই ১০ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তে কয়েক দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর বিএসএফের এই পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে বিজিবির বাধার মুখে পুশ ইন ব্যর্থ, গভীর রাতে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top