
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
পঞ্চগড়ে অভিযান চালিয়ে নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও সিরিঞ্জসহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় সদর থানার ধাক্কামারা এলাকার চৌরঙ্গী মোড় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. সোহেল রানা, জেলা প্রশাসন, পঞ্চগড়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড়ের একটি রেইডিং টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৩ অ্যাম্পুল নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন এবং ৩টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—
১. মো. বাধন (৩০), পিতা: মো. বেনজির হোসেন, গ্রাম: রাজনগর
২. মো. মানিক মিয়া (৩০), পিতা: মো. মন্টু, গ্রাম: সিংপাড়া
৩. মো. মোসারুল (৫০), পিতা: মো. আমির উদ্দীন, গ্রাম: ভাবরডাঙ্গা
তারা সকলেই পঞ্চগড় সদর থানার বাসিন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।