
পানছড়ি প্রতিনিধি:
‘সম্প্রীতি ও উন্নয়ন’—এই মূলমন্ত্রকে ধারণ করে পবিত্র ঈদ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩বিজিবি)। আজ সকাল ১২ ঘটিকায় ৩ বিজিবি লোগাং জোনের পক্ষ থেকে জোনের অধীনস্থ এলাকার অর্ধ শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পানছড়ি লোগাং জোনের ব্যাটালিয়ন সদরে আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
উপহার বিতরণকালে জোন অধিনায়ক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ, মহামারি ও ধর্মীয় উৎসবে স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিজিবি’র এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোগাং জোন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক এবং সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন। এছাড়া লোগাং জোনের অন্যান্য পদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ঈদের আগ মুহূর্তে বিজিবি’র কাছ থেকে সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় হতদরিদ্র মানুষ। তারা লোগাং জোনের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন