
রুখতে হবে আজ
জাসমিনা খাতুন
এক সাথে ভাই কাটাই যে দিন একই নদীর পাড়ে,
তবুও কেন হানাহানি বাড়ছে দিনে দিনে?
হাত বাড়ালেই বন্ধু মেলে, ছড়ায় মায়ার হাত,
আমরা কেন বাড়াই দূরত্ব, কাটছে না এই রাত?
গাছের ডালের সবুজ পাতা মেলছে দেখ প্রাণ,
মানুষ কেবল স্বার্থে মজে গাইছে নিজের গান।
নিজের ঘরে আগুন জ্বেলে ভাবছে বুঝি জয়,
রক্তের সেই আপন মানুষ আজকে যে পর হয়!
পাঁচটি আঙুল মিললে তবেই শক্ত মুঠো বাঁধে,
ঐক্য আজ হারিয়ে গেছে, তাই তো সমাজ কাঁদে।
বিবাদ ভুলে এক না হলে আসবে কালো সাঁঝ,
আঁধার নেমে ভাঙবে ভূবন-রুখতে হবে আজ।
রামপুরহাট, বীরভূম, ভারত
২৯/০৫/২০২৬ খ্রি.

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...