
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির এতিম, অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগ নিয়েছে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা তহবিল গঠনের উদ্দেশ্যে আগামী ২৯ মে ২০২৬ শুক্রবার বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য পুনর্মিলনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাগ্য লটারী ড্র।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এই লটারী ও অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ সম্পূর্ণ ভাবে এলাকার সুবিধা বঞ্চিত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ জোগাতে ব্যয় করা হবে। ২৯ মে শুক্রবার পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ২নং চেঙ্গী ইউপির চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
দিন ব্যাপী এই আয়োজনে ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও মিলন মেলার পাশাপাশি থাকবে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া তহবিলের পরিধি বাড়াতে আয়োজন করা হয়েছে আকর্ষণীয় ভাগ্য লটারী ড্র। পুনর্মিলনী উদযাপন কমিটি-২০২৬ এর আহবায়ক জানান, “আমাদের মূল লক্ষ্য শুধু নিজেরা মিলিত হওয়া নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলো ধরে রাখতে সাহায্য করা। আমরা আশা করি সমাজের সর্বস্তরের মানুষ এই মহৎ উদ্যোগে আমাদের পাশে থাকবেন।” উক্ত মহতি অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার এবং লটারী ক্রয়ের মাধ্যমে অসহায় শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন এসএসসি ২০০৭ শিক্ষার্থীবৃন্দ। জে/এ
